বর্তমান সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানিয়া বৃষ্টি। ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি ইউটিউবে প্রকাশিত তার নাটকগুলোও দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলছে।দীর্ঘ ছয় বছরের বিরতির পর আবারও চলচ্চিত্রে ফিরছেন তানিয়া বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ নামের সিনেমায় তাকে দেখা যাবে। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কোর্টরুম ড্রামা, যেখানে ক্রাইম থ্রিলারের ছোঁয়াও রয়েছে।
তানিয়া বৃষ্টি জানান, নাটকের ব্যস্ততার কারণে এতদিন চলচ্চিত্রে কাজ করা সম্ভব হয়নি। তবে ভালো গল্প ও চরিত্র পেলে ফিরবেন এমন ভাবনা থেকেই ‘ট্রাইব্যুনাল’-এর মাধ্যমে বড় পর্দায় ফেরা। সিনেমাটির গল্পে ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের রাজনীতির প্রশ্ন উঠে এসেছে। এতে অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্য প্রমুখ।
উল্লেখ্য, তানিয়া বৃষ্টি প্রথম আলোচিত হন আকরাম খানের ‘ঘাসফুল’ (২০১৫) সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’। ‘ট্রাইব্যুনাল’ হতে যাচ্ছে তার বড় পর্দায় প্রত্যাবর্তনের নতুন অধ্যায়।